প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৯:২৫ পিএম
নওগাঁর মান্দায় গরুর বাছুরে প্রতিবেশীর খড় খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয় টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম তুলশীরামপুর গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহত সাথী বেগম ও সাইফুল ইসলামকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শহিদুলের একটি গরুর বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের স্তূপ করে রাখা খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। তাদের মারধরে ঘটনাস্থলেই শহিদুলের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শহিদুলকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও মারধরের শিকার হন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
