কালবেলা · অর্থনীতি
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৩/১০/২০২৬

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বাড়ার সম্ভাবনায় মঙ্গলবার তেলের দাম কমেছে। রাশিয়া থেকে অতিরিক্ত ডিজেল আসতে পারে—এমন প্রত্যাশা বাজারে কিছুটা স্বস্তি এনেছে। তবে সৌদি আরবে হামলা ও হরমুজ প্রণালির কাছে জাহাজে হামলার খবরে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ২৯ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৫ ডলার ৩৫ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম কমে ১ ডলার ২৫ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৯২ ডলার ৪৯ সেন্ট।
এর আগের কার্যদিবসে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ২ ডলার করে বেড়েছিল। ওই দিন ব্রেন্টের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করতে রাজি হয়েছে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর আয় কমাতে দেওয়া রুশ জ্বালানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে ট্রাম্প প্রশাসন।
বাজারে অতিরিক্ত জ্বালানি এলে সরবরাহের চাপ কমতে পারে। এতে তেলের দাম বাড়ার পেছনে থাকা কিছু উদ্বেগও প্রশমিত হতে পারে।
তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের সমঝোতা নিয়ে সংশয় রয়েছে। আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকেরা এক প্রতিবেদনে বলেছেন, ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও রাশিয়া ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে বলে খবর এসেছে। এতে সমঝোতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
রাশিয়ার সঙ্গে ট্রাম্পের ডিজেল আমদানির চুক্তি নিয়েও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিরোধ দেখা দিয়েছে। দুই দলের কয়েকজন আইনপ্রণেতার অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার আইন লঙ্ঘন করতে পারে এই চুক্তি।
এদিকে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও উপসাগরীয় অঞ্চলের নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সপ্তাহান্তে ইরান-সমর্থিত হুতিরা রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। একই সময়ে হরমুজ প্রণালির কাছে তেলবাহী জাহাজে হামলার খবরও পাওয়া যায়।
এসব ঘটনায় সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার যে আশা তৈরি হয়েছিল, তা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে আরও বিঘ্ন ঘটতে পারে বলেও উদ্বেগ বাড়ছে।
সূত্র: রয়টার্স, শাফাক নিউজ
মূল প্রতিবেদনে যান ↗