সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিকদের সঙ্গে আলোচনা করে এমন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে গণমাধ্যম, সরকার ও সাধারণ মানুষ সুরক্ষা পায়। এ বিষয়ে সামনে ভালো কিছু আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বুধবার (২১ অক্টোবর) রাতে নিজের নির্বাচনী এলাকা ভোলা-১ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে পার্থ বলেন, সুন্দর পরিবেশে পূজা উদযাপন করতে পেরে তিনি আনন্দিত। পূজায় হিন্দু-মুসলমান সবার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে তিনি পুলিশ সদস্যদের পাশাপাশি দুর্গাপূজার আয়োজকদের সঙ্গেও কথা বলেছেন।
নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকলে সংশ্লিষ্টদের তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখেননি। সবাই আনন্দমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালন করেছেন।
ভোলার কেন্দ্রীয় মদনমোহন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমান যেন একসঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন এবং নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব বিষয়ে সরকার পাশে থাকবে।
এর আগে বুধবার দুপুরে লঞ্চযোগে ঢাকা থেকে ভোলায় আসেন তথ্যমন্ত্রী। রাতে তিনি জেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ ছাত্র সমাজের ভোলা জেলা শাখার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত, সদস্যসচিব মো. হোসেন, মদনমোহন মন্দিরের সভাপতি দুলাল বণিক ও সম্পাদক বিপ্লব কুমার পালসহ বিজেপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
