কাস্টমাইজড পণ্য নিয়ে কাজ করা দেশীয় ব্র্যান্ড তাহামস মঙ্গলবার (১৩ অক্টোবর) মিরপুরে তাদের চতুর্থ ডিসপ্লে সেন্টার চালু করেছে।
নতুন এই সেন্টারের মাধ্যমে মিরপুর ও আশপাশের এলাকার গ্রাহকেরা এখন সরাসরি পণ্য নির্বাচন, ডিজাইন তৈরি এবং কাস্টমাইজেশন প্রক্রিয়া দেখার সুযোগ পাবেন।
মিরপুর-১-এর আল-নাহিয়ান শপিং কমপ্লেক্সে চালু হওয়া এই ডিসপ্লে সেন্টারে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমাইজড পণ্য। এর মধ্যে রয়েছে বিভিন্ন সাইজের টি-শার্ট, কাস্টমাইজড পানির বোতল, মগ ও ফটো ফ্রেম। টি-শার্টের ক্ষেত্রে ০ থেকে ১০ এক্সএল পর্যন্ত সাইজের সুবিধা রাখা হয়েছে।
তাহামস জানিয়েছে, নতুন আউটলেটে গ্রাহকেরা পছন্দের ডিজাইন নির্বাচন করার পাশাপাশি নিজেদের সামনে প্রিন্টিং ও কাস্টমাইজেশনের পুরো প্রক্রিয়াটি দেখতে পারবেন। ব্যক্তিগত ব্যবহার, উপহার কিংবা বিশেষ দিনের জন্য পছন্দ অনুযায়ী পণ্য তৈরির সুযোগ থাকছে এখানে।
নতুন ডিসপ্লে সেন্টারে তাহামসের নিজস্ব পণ্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির অন্যান্য উদ্যোগ লুমিনা বাই তাহামস, তাহামস লিটল স্টার, পারফিউম ডি তাহামস এবং আল জামেয়া-এর পণ্যও রাখা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে নির্বাচিত পণ্যে সপ্তাহব্যাপী সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
তাহামসের প্রতিষ্ঠাতা ইসরাত সুলতানা তোহফা বলেন, “গ্রাহকেরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী টি-শার্টসহ বিভিন্ন পণ্য কাস্টমাইজ করার সুযোগ পাবেন। আমরা চাই, মানুষের চিন্তা ও সৃজনশীলতা তাদের ব্যবহার করা পণ্যের মাধ্যমে প্রকাশ পাক।”
২০২০ সালে অনলাইনভিত্তিক টি-শার্ট ব্যবসা হিসেবে তাহামসের যাত্রা শুরু হয়। ইসরাত সুলতানা তোহফা, তার স্বামী কম্পিউটার প্রকৌশলী ও আলোকচিত্রী আশিক আহমেদ এবং কয়েকজন বন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি পরবর্তীতে কাস্টমাইজড ফ্যাশন ও গিফটিং পণ্যের পরিধি বাড়িয়েছে।
বর্তমানে তাহামসের পণ্য তালিকায় টি-শার্টের পাশাপাশি পাঞ্জাবি, জিনসসহ বিভিন্ন ধরনের পোশাক রয়েছে। সব বয়সী ও বিভিন্ন আকারের গ্রাহকদের কথা বিবেচনা করে পণ্যের বৈচিত্র্য বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।
মিরপুরে নতুন ডিসপ্লে সেন্টার চালুর মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর পাশাপাশি কাস্টমাইজড ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যের বাজারে নিজেদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাহামসের।
