অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
বিনোদন ডেস্কষাট ও সত্তরের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন।
রোববার (১১ অক্টোবর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ঢাকার দ্বিতীয় সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত এই সিনেমায় সহনায়িকাদের একজন ছিলেন তিনি।
এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। তার বিপরীতে অভিনয় করেন আনিস। এ সিনেমার মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেন।
সবশেষ এই অভিনেত্রীকে দেখা যায়, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায়।
বাংলাদেশ জার্নাল/জে
