ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। সোমবার বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নেন। মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালনের পর মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
বিজ্ঞাপন
দায়িত্ব হস্তান্তরের আগে নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। এ সময় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ‘মহাপরিচালকের বিদায়ী দরবার’ অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালকসহ অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি অংশ নেন। দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে বিভাগীয় উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা অনলাইনে যুক্ত হন।
দুপুর ১২টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠিত হয়। এতে কর্মকর্তারা বিদায়ী মহাপরিচালকের কর্মজীবনের স্মৃতিচারণা করেন। ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল তার বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং দায়িত্ব পালনকালে তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী মহাপরিচালক তার দপ্তরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পরে তিনি অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সদর দপ্তর ত্যাগ করেন।
দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে নিজের প্রত্যাশা তুলে ধরেন। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করে।
