জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজসংলগ্ন এলাকায় এক অটোচালককে গলা কেটে হত্যা করে তাঁর ব্যাটারিচালিত অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) উচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন প্রতিদিনের মতো জীবিকার তাগিদে নিজের অটো নিয়ে বের হন। রাতে কোনো এক সময় পাথরঘাটা ব্রিজের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করে ব্রিজের পশ্চিম পাশে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পাঁচবিবি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
একজন খেটে খাওয়া মানুষের এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অটো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএ
