চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকার করায় আটক দুই জেলেকে ১৪ দিন করে কারাদন্ড ও ২৫০টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় জেলেদের হেফাজতে থাকা ৩হাজার মিটার কারেন্টজাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ও মো. রহমত উল্লাহ।
অভিযানের এসব তথ্য জানান সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক ও কোস্ট গার্ডের সহযোগিতায় আজ ভোর ৪টা হতে সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা, আনন্দবাজার, দাসাদী, লালপুর, আমিরাবাদ ও হরিনা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হরিনা এলাকা হতে মো. মিজান (২৭) ও মো. মাছুদ মাঝি (৩৫) নামে দুই অসাধু জেলে আটক হয়। আটক জেলেদের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত ৩হাজার মিটার কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর তিন কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/
