ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ ১২ অক্টোবর ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান আবুল কালাম মো. রেজাউল করিম।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিয়ে তাঁর সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা ও বিভিন্ন স্মৃতি শেয়ার করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ শাহীন চৌধুরী ইস্টার্ন ইউনিভার্সিটির প্রাণবন্ত ক্যাম্পাস পরিবেশের প্রশংসা করেন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. শামসুল হুদা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, স্কুল অব আর্টসের ডিন ড. শাফিয়া আখতার, স্কুল অব বিজনেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. ইকবাল আজিম এবং ভিস্তা ইলেকট্রনিকস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লোকমান হোসেন আকাশ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশের পাশাপাশি শপথগ্রহণ করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ ইবনে আনোয়ারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।
