রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশসহ সাতজনকে গ্রেপ্তার করেছে দৌলতদিয়া নৌ পুলিশের একটি দল। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুর কোতোয়ালী থানার মো. রিপন খাঁন (৩৫), ইকরাম মৃধা (২৪), শেখ আয়নাল (৫৭), মোঃ মিজান শেখ (২৭), সোবহান শেখ (৩০) এবং গোয়ালন্দ উপজেলার জয় সরকার (২১), আব্দুর রহিম শেখ (১৯)।আটক জাল ও ইলিশ
দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত দৌলতদিয়া পদ্মা নদীর মজলিশপুর, কলাবাগান নামক স্থানের ৩টি পয়েন্টে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘পদ্মা নদীতে অসাধু উপায়ে মা ইলিশ শিকার বন্ধে এ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া গ্রেপ্তারকৃত সাতজনের বিরুদ্ধে ৩টি মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের নিয়মিত মামলা মূলে আজ রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’
