বগুড়ার ধুনটে মাঠপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের পরিবেশ মনোরম ও শিক্ষাবান্ধব করে তুলতে ফুলের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফোরাদ হোসেন।
বিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে নিজ উদ্যোগে একটি করে, শিক্ষকদের দুটি করে এবং পরিচালনা কমিটির সদস্যদের পাঁচটি করে ফুলের চারা নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবার সম্মিলিত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হবে।
চারা রোপণ শুরুর আগে বিদ্যালয়ের সার্বিক কল্যাণ, সুন্দর পরিবেশ এবং রোপণ করা চারাগুলোর দীর্ঘায়ু কামনায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা সম্মিলিতভাবে বিশেষ মোনাজাত করেন। পরে উৎসবমুখর পরিবেশে ফুলের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. ফোরাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের জন্য সুন্দর, সবুজ ও মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের হাতে গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে আরও উৎসাহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. আব্দুল খালেক, মোছা. রোজিনা খাতুন, ফেরদৌস ওয়াহিদ লিটন, অমৃত কুমার, মোছা. নাসিমা খাতুন, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুল বাছেদ, এসএম শামাউনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক ও অতিথিরা এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম, পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
The post ধুনটে মাঠপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে ফুলের চারা রোপণ কর্মসূচি appeared first on ভোরের চেতনা.
