সংবাদ · রাজনীতি
চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৫/১০/২০২৬

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দ্বিপক্ষীয় সফরে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত সহযোগিতা গুরুত্ব পাবে।রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।ঘোষিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় দেশের প্রধানমন্ত্রীর মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে’ মূল বক্তব্য প্রদান করবেন প্রধানমন্ত্রী এবং দেশটির শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন।এ ছাড়া সফরের অংশ হিসেবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাঁর পৃথক বৈঠকের সূচি রয়েছে। প্রধানমন্ত্রী সম্ভাব্য কর্মসূচি হিসেবে এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র এবং বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান ইউনিক্লো ও টয়োটার কারখানা পরিদর্শন করতে পারেন।এই সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও চলমান মেগা প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কথা হবে।পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নতুন সমঝোতা স্মারক সই বা যৌথ সহযোগিতার ঘোষণা আসতে পারে। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মতো বৈশ্বিক বিষয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।/
মূল প্রতিবেদনে যান ↗