নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজার সপ্তমী অঞ্জলি অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার শ্রী পবন কুমার বাধে। পরিদর্শনকালে তার সঙ্গে পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি পূজামণ্ডপে যান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন,পঞ্চমী ঘাট পোদ্দার বাড়ি পূজামণ্ডপের মালিক অমল পোদ্দার (সিআইপি), পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার, সাধারণ সম্পাদক বাদল পোদ্দার,পানামা গ্রুপের সিনিয়র জিএম অ্যাডমিন এইচ আর আতিকুল ইসলাম এবং পূজামণ্ডপের ভক্তরা।
পঞ্চমীঘাট পোদ্দার বাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ পোদ্দার বলেন, ভারতীয় উপহাইকমিশনার পরিদর্শনে এসেছেন। তিনি এখনো অবস্থান করছেন। তবে এটি তার ব্যক্তিগত নাকি সরকারী পরিদর্শন তা আমার জানা নাই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, উপহাইকমিশনার আসার আগ মুহূর্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য মণ্ডপের আশপাশে অবস্থান নেন। নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কভাবে কাজ করছেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, উপহাইকমিশনার তার পরিবার নিয়ে ব্যক্তিগত সফরে এসেছেন। এসময় তারা পূজামণ্ডপ পরিদর্শন করেন। এটা কোনো সরকারি সফর ছিল না।
