গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ রোববার বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গতকাল সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের ওপর হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। পরে সাতজনকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার করার পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।
