নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অগ্রযাত্রার ৪ বছর এই প্রতিপাদ্যে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।
সফলতার চার বছর পেরিয়ে ১৬ অক্টোবর পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জাতীয় দৈনিক কালবেলা। এই উপলক্ষে নওগাঁ জেলা প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন এবং আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান দৈনিক কালবেলার রাণীনগর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও নওগাঁ জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামাণিক।
এর আগে এদিন দুপুর ১২টায় জেলা প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সাংবাদিক রিফাত হোসেন সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন ও ছাত্রনেতা ফজলে রাব্বি।
সভায় সাংবাদিক শেখ আনোয়ার হোসেন ও নবির উদ্দিন দৈনিক কালবেলার সাফল্য কামনা করে বলেন, গত চার বছরে কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। কালবেলা ইতোমধ্যে ভালো জায়গা করে নিয়েছে। আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করে দেশকে আরও সমৃদ্ধশালী করতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
ছাত্রনেতা ফজলে রাব্বি বলেন, যেখানে অনিয়ম-দুর্নীতি সেখানে সাহসের পরিচয় দিয়ে এগিয়ে যাচ্ছে কালবেলা। নতুন আঙ্গিকে দৈনিক কালবেলার বয়স মাত্র চার বছর। এরই মধ্যে কালবেলা মাল্টিমিডিয়া ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আমি চাইবো নওগাঁ জেলা প্রতিনিধির মাধ্যমে নওগাঁর বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, ভালো ও খারাপ দিক তুলে ধরবে কালবেলা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে কালবেলা। কাজেই কালবেলা ভবিষ্যতে তাদের বর্তমান ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাহসিকতা, দৃঢ়তা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে দৈনিক কালবেলা মাত্র চার বছরে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছে। আমি মনে করি সত্য প্রকাশে অনেক বাধা আসতে পারে, কিন্তু আমরা সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে গিয়ে সত্যটাকে যদি তুলে ধরতে পারি, তবেই আমরা মানুষের মনে আস্থা অর্জন করতে পারবো।
এসপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনার এই প্রেসক্লাবে উপস্থিত হওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, অনেকে মনে করেন পুলিশ ও সাংবাদিক একে অপরের প্রতিপক্ষ। আসলে এটা আমি মনে করি না। পুলিশ অ্যান্ড মিডিয়া দে আর ভেরি মাচ ইন্টার রিলেটেড ইচ আদার পারফর্ম দেয়ার জব। কারণ দুটি প্রতিষ্ঠানই জবাবদিহিতা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
তিনি বলেন, এই জেলায় আসার পর আমি প্রথম থেকেই সাংবাদিকের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। সাংবাদিকের কাছ থেকে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। তবে শুধুমাত্র আমাদের সফলতা ছাড়াও আমাদের ভূলভ্রান্তি তুলে ধরবেন। শুধুমাত্র নেতিবাচক সংবাদ পরিবেশন না করে ইতিবাচক ও নেতিবাচক উভয় সংবাদ তুলে ধরবেন।
আলোচনা শেষে দৈনিক কালবেলার সাফল্যের চার বছর উপলক্ষে কেক কাটা হয়। এ সময় জেলায় কর্মরত কালবেলার প্রতিনিধিরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে কালবেলার রাণীনগর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, আত্রাই উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন সেন্টু, মান্দা উপজেলা প্রতিনিধি রইচ উদ্দিন, মহাদেবপুর উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, পোরশা উপজেলা প্রতিনিধি আমির উদ্দিন বাবু, নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি ইমরান ইসলাম ও ধামইরহাট উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
