প্রচ্ছদ » প্রধানমন্ত্রীর সফর সফল করতে বিএনপি ও জেলা প্রশাসনের পৃথক প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: আগামী ২০ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পৃথকভাবে দলীয় প্রস্তুতি সভা এবং জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দলীয় প্রস্তুতি সভা:
শুক্রবার রাজশাহীর নানকিং দরবার হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে এক বর্ধিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় অত্র অঞ্চলের দলীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা ও সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের প্রস্তুতি সভা:
এদিকে, একই দিনে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উচ্চ পর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. ফিরোজ সরকার। এছাড়া সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফরকে রাজশাহী বিভাগের জন্য অত্যন্ত সম্মান ও মর্যাদার বিষয় হিসেবে উল্লেখ করা হয়। সফরকালে প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো সম্পূর্ণ সুশৃঙ্খল, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্ব স্ব দপ্তরের ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে যথাসময়ে এবং যথাযথভাবে পালনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
