আজকাল ওয়েবডেস্ক: পঞ্চমীর দুপুরে মুর্শিদাবাদের লালবাগ শহরে বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবের ৩৪ তম বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুর্গাপুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী পশু পাচার ,জালনোট পাচার, নেশার দ্রব্য এবং মহিলা পাচার মুর্শিদাবাদ জেলা দিয়ে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন এবং বিএসএফের উচ্ছসিত প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী জানান, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় বিএসএফকে প্রয়োজনীয় সমস্ত জমি দেওয়া হয়েছে।
বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ , গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার সেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ, রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
দুর্গাপুজোর উদ্বোধন করে নিজের সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন,"লালবাগ শহরে আসার আমার দীর্ঘ ইতিহাস রয়েছে। বিরোধী দলনেতা থাকার সময় আমি তিনবার এই পুজোর উদ্বোধনে এসেছি। তাই মুখ্যমন্ত্রী হিসেবে অন্তর থেকে এই পুজো উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানানোর জন্য এবার আমি এসেছি। "
মুর্শিদাবাদের জেলাশাসক আর অর্জুন, মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার শচীন মক্কারের কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন,"পুলিশ সুপার এই জেলা দিয়ে সমস্ত অসাধু কাজ বন্ধ করে দিয়েছেন। মুর্শিদাবাদ জেলায় সীমান্তে ফেন্সিং হয়ে যাবে। কোনও অবৈধ অনুপ্রবেশকারী আর ঢুকবে না। এই জেলায় বিএসএফ এবং পুলিশ একযোগে কাজ করছেন, এটা আগে ছিল না। বিএসএফকে আমরা সীমান্তে ফেন্সিং করার জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই দিয়েছি।"
রাজ্যে নতুন করে প্রায় ১৩ হাজার দুর্গাপুজো হওয়ার কারণে মোট পুজোর সংখ্যা প্রায় ৫৮ হাজার ছুঁয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন,"সমস্ত পুজো কমিটিকে আমরা ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ এবং অন্যান্য লাইসেন্স সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি। মুর্শিদাবাদ জেলাতেও প্রায় ৮০০ টি নতুন দুর্গা পুজোকে অনুমোদন দেওয়া হয়েছে।"
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন করে উদ্যোক্তারা দুর্গাপুজো করার জন্য নতুন সরকারের ওপর ভরসা রাখায় মুখ্যমন্ত্রী তাঁদেরও কৃতজ্ঞতা জানান।
শুভেন্দু অধিকারী নিজের ভাষণে বলেন," আমি এখানে আসার সময় একটি বড় ঝিল (পড়ুন মতিঝিল) দেখেছি। আমি সেটাকেও সাজাবো।" এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলার নদী ভাঙন সমস্যা নিয়েও উদ্বিগ্ন বলে নিজের ভাষনে আজ জানিয়েছেন। তিনি বলেন," আগামী ২৭ তারিখ দিল্লিতে একটি বৈঠক রয়েছে, সেখানে এই বিষয়ে আলোচনা হবে।"
ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে যারা নিজের ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ চলে এসেছে দুর্গাপুজোর পঞ্চমীতে আজ তাঁদের জন্য সুখবর শোনান মুখ্যমন্ত্রী। তিনি বলেন," সিএএ কেন্দ্র সরকার এখন রাজ্যকে দিয়ে দিয়েছে। জেলাশাসক শুনানি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।"
উৎসবের মরশুমে আজ নেশা মুক্ত মুর্শিদাবাদ এবং নেশা মুক্ত পশ্চিমবঙ্গ গড়ারও ডাক দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন,"নিষিদ্ধ কিছু কাফ সিরাপ,হেরোইন ,গাঁজা পাচার করে কিছু লোক পরিবেশ নষ্ট করছে। এগুলো বন্ধ করতে হবে। মুর্শিদাবাদ জেলায় নাবালিকা বিবাহ এবং গর্ভবতী হওয়ার তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন," ১৮ বছরের নিচে কোনও কন্যার যেন বিবাহ না হয়।"
অন্যদিকে সম্প্রতি অনুষ্ঠিত রেজিনগর উপনির্বাচনে সেখানকার মানুষ রাজ্য সরকারের ওপর আস্থা রাখায় মুখ্যমন্ত্রী তাঁদেরও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,"কিছুদিনের মধ্যেই আমি ফের এখানে আসব এবং নারকেলবাড়িতে ভাগীরথী নদীর উপর একটি ব্রিজের শিলান্যাস করব।"
মুখ্যমন্ত্রী আজ আরও জানান," কেন্দ্র সরকার সমস্ত 'এনিমি প্রপার্টি'র 'কাস্টডিয়ান' রাজ্য সরকারকে করে দিয়েছে। " মুর্শিদাবাদ শহরকে ভালো করে সাজানো হবে এবং নতুন 'ভাইব্রেন্ট গ্রাম' ও লালবাগে মহিলাদের জন্য কলেজ হবে বলেও আজ জানান।
