পার্কিং না থাকায় এবং সড়কজুড়ে স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের গাড়ি রেখে যানজট তৈরি করায় জরিমানা গুনেছে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল ও উৎসব সুপার শপ। এর মধ্যে আল হিদায়াহকে ২০ লাখ এবং ওই ভবনের মালিককে ২৫ লাখ এবং উৎসব সুপার শপকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ‘ফ্রোবেল প্লে স্কুল’-কে সতর্ক করা হয়েছে।
সিডিএ জানিয়েছে, আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে পার্কিং ও সড়ক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংশোধন না করায় উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সিডিএ। ওই সময় প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করার পাশাপাশি সমস্যা সমাধানে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিম জানান, যানজট নিরসন ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের পরিদর্শন ও অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ভবন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আইএমই/ডিজে
