ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম। ঘটনার পর তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আবদুল কদ্দুসকে গ্রেপ্তারের উদ্দেশে তাঁর সজনগাঁওয়ের বাড়িতে অভিযানে যায় পুলিশের একটি দল। সেখানে যাওয়ার পর সংশ্লিষ্ট গ্রেপ্তারি পরোয়ানাটি আদালত থেকে প্রত্যাহার বা রিকল করার কাগজপত্র প্রদর্শন করা হলে পুলিশ সদস্যরা আসামিকে ছেড়ে দিয়ে ফিরে আসার উদ্যোগ নেন। ঠিক সেই মুহূর্তে আসামির পরিবারের লোকজন অতর্কিতভাবে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায়, যাতে দুই সদস্য আহত হন।
পরবর্তীতে খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ ও আহত সহকর্মীদের উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে গিয়ে পুলিশের দুই সদস্য শারীরিক হামলার শিকার হন। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে এবং সরকারি কাজে বাধা ও হামলার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
