বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশের খবরটি গুজব বলে জানিয়েছেন ইশরাক হোসেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও জানান তিনি।
রবিবার (১৮ অক্টোবর) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে প্রচারিত খবর সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিমন্ত্রী তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সম্প্রতি নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে বিবৃতিতে বলা হয়, আত্মরক্ষার স্বার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ওই ঘটনা সম্পর্কে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের খবর প্রচারকে বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
পাশাপাশি, যেসব গণমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।
