নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ বাসিন্দা নিহত হয়েছেন। নিহত পাঁচজনই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক কাজে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন- জাজিরার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর, ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা, ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার, কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির এবং পালেরচর এলাকার হলুদ ব্যবসায়ী শাহিন।
এর আগে নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোরের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
দুর্ঘটনায় বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনাকবলিত যানবাহনের কারণে নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
কেএম
