Published on
:
1 min read
মালদায় বিজেপি কর্মীকে খুনের ঘটনায় গ্রেপ্তার এক। ধৃত মমতা তৃণমূলের কর্মী। ঘটনায় এখনও পর্যন্ত আট জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়। অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দশমীর রাতে মালদার ইংরেজবাজারে বিজেপির এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়। নিহতের নাম সমীর ঘোষ (২৭)। শুরু থেকেই সমীরের পরিবারের অভিযোগ ছিল, তৃণমূলের মদতে দুষ্কৃতীরা হামলা চালায়। দশমীর রাতে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে সমীরের উপর হামলা চালায় বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা।
ঘটনার পর থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে ইংরেজবাজারের রামকেলি এলাকায়। নতুন করে যাতে কোনও উত্তেজনা না ছড়ায় সেই জন্য ওই এলাকায় টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইংরেজবাজার থানার আইসি পঙ্কজ সিং। এ ছাড়াও, ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশের বড় বাহিনী।
ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি বলেন, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের মদতে থাকা দুষ্কৃতীরা যুক্ত রয়েছে। তারাই আমাদের দলীয় কর্মীকে নৃশংস ভাবে খুন করেছে। ঘটনার পিছনে কী কারণ রয়েছে সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তবে এই ধরনের সন্ত্রাস কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না।’
অন্যদিকে, তৃণমূলের কালীঘাট পন্থী জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। ঘটনার পিছনে পুকুর লিজ়ের ব্যবসা ও পারিবারিক গোলমাল রয়েছে। পুলিশ তদন্ত করলেই সব পরিষ্কার হয়ে যাবে।’