কালবেলা · আন্তর্জাতিক
আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
১৪/১০/২০২৬

শিক্ষার পরিবেশের উন্নয়ন, উচ্চশিক্ষার ব্যয় কমানো ও কর্মসংস্থানের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানী তিরানায় দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে ইট ও কংক্রিটের টুকরা ছোড়েন বিক্ষোভকারীরা। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আয়োজক শিক্ষার্থীদের বরাতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ, উচ্চশিক্ষার ব্যয়, আর্থিক সহায়তা এবং স্নাতক শেষ করার পর কর্মসংস্থানের সুযোগ নিয়ে উদ্বেগ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। কয়েকজন বিক্ষোভকারী বলেন, দেশের বৈষম্য ও সরকারের কার্যক্রম নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করতেই তারা রাস্তায় নেমেছেন।
বিক্ষোভকারী লুলজেতা কোলা বলেন, ‘আলবেনিয়ার এখন বিপ্লব, পরিবর্তন এবং পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। এভাবে আর চলতে পারে না।’
তিনি আরও বলেন, দেশটিতে গভীর সামাজিক অবিচার রয়েছে এবং ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান অনেক বেশি।
আলবেনিয়ায় শিক্ষার্থীদের এই আন্দোলন ইউরোপের বিভিন্ন দেশে চলমান ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ঘটল। ফ্রান্সেও কয়েক সপ্তাহ ধরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও বিদ্যালয় অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, শিক্ষকের সংখ্যা বাড়ানো এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নত করা। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ভবনগুলোর অবনতিশীল অবস্থা এবং শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ শিক্ষার পরিবেশ ব্যাহত করছে।
এদিকে, আলবেনিয়ার উপপ্রধানমন্ত্রী আলবানা কোচিউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়েছেন।
তিনি লেখেন, ‘সহিংসতা কখনো সমাধান ছিল না, এখনো নয় এবং কখনোই হবে না। পাথর ছোড়া, সরকারি প্রতিষ্ঠান ও পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পদের নির্বিচার ধ্বংসযজ্ঞ তরুণদের নিজেদের দাবি প্রকাশের উপায় হতে পারে না।’
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗