প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০২ পিএম
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩২৭ জন।
বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে পাচজন, ময়মনসিংহ বিভাগে একজন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাড়িয়েছে দুই লাখ আট হাজার ৫৭০ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৮ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছে এক লাখ ৮৫ হাজার ৩৯০ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।
