রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভা ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার আরাজীগঙ্গারামপুর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারি।
নিহতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক ও রংপুরের শিহাব। আহতদের মধ্যে লিটন মণ্ডল, সেলিম মিয়া ও বাবলা মিয়া ছাড়া বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, পৌরসভার নির্মীয়মাণ ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ করতে সকাল থেকে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেলে হঠাৎ সাটারিং ভেঙে পড়লে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। পরে গুরুতর আহত অবস্থায় আছাদুল হক ও শিহাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত শ্রমিকদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিশন-২০২০ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে বলে জানা গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, পৌরসভার ভবন নির্মাণকাজের দুই শ্রমিক নিহত হয়েছেন, এটি অত্যন্ত দুঃখজনক। এ দুর্ঘটনার পেছনে কারও গাফিলতি থাকলে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
