কৃষি উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা ও সারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) ৯৬৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ৮৫০ টাকার পটাশ ও ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রাশিয়া ও কানাডা থেকে তিন লটে মোট ১ লাখ
১৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) এবং সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার আমদানি করা হবে।
গতকাল অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়। থাইল্যান্ডে আইএমএফ-বিশ্বব্যাংক সম্মেলনে অবস্থানরত অর্থমন্ত্রী অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশনের (প্রোডিনটর্গ) চুক্তির আওতায় অষ্টম লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ১৬৬ কোটি ৯ লাখ ৯০ হাজার ৪৫০ টাকা (প্রতি মেট্রিক টন ৩৮৩.৮০ ডলার)।
কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) সঙ্গে চুক্তির আওতায় পঞ্চম ও ষষ্ঠ লটে ৪০ হাজার টন করে মোট ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আনা হবে ৩৭৭ কোটি ৭৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকায় (প্রতি মেট্রিক টন ৩৮২.৩৮ ডলার)।
এ ছাড়া সৌদি আরবের প্রতিষ্ঠান ‘মা আদেন’-এর সঙ্গে বিএডিসির চুক্তির অংশ হিসেবে ২০২৬ সালের পঞ্চম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে ৪২৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকায় (প্রতি মেট্রিক টন ৮৬১.৫০ ডলার)।
বৈঠকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘ট্রাফিগুরা পিটিই লিমিটেড’ থেকে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বর মেয়াদে মোট ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে ০.১০ ডলার কমে এ দর নির্ধারিত হয়েছে।
একই সঙ্গে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জরুরি প্রয়োজনে চেনিয়ার মার্কেটিং ও ট্রাফিগুরা থেকে জিটুজি ভিত্তিতে এবং বিপি সিঙ্গাপুর, সাহারা এনার্জি ও শেল ইন্টারন্যাশনাল থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
অন্যদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির লক্ষ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০৩ কোটি ৪৫ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার দুটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর মধ্যে ৫ হাজার টন ১০২ টাকা ৯৫ পয়সা এবং বাকি ৫ হাজার টন ১০৩ টাকা ৯৫ পয়সা কেজি দরে কেনা হবে।
