টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের একটি খালি জায়গায় মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকে এ অভিযান চালানো হয়।
১৬ এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের সি/৫ ব্লকে স্থানীয় মাহমুদউল্লাহর বসতঘরের উত্তর পাশে টিনের বাউন্ডারির ভেতরে একটি খালি জায়গায় তল্লাশি চালানো হয়। জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজের নেতৃত্বে এবং শালবাগান এপিবিএন ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে গঠিত দলটি মাটি খুঁড়ে স্বচ্ছ সাদা প্লাস্টিকে মোড়ানো একটি বস্তু উদ্ধার করে।
পরে সেটি খুলে পাঁচটি প্যাকেটে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ১০ হাজার ইয়াবা ছিল। উদ্ধার করা ইয়াবার ওজন ৮০০ গ্রাম বলে জানিয়েছে এপিবিএন।
আইনগত ব্যবস্থা নিতে শনিবার সকালে ইয়াবাগুলো টেকনাফ থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। টেকনাফ থানায় করা মামলাটির নম্বর ৮৫; তারিখ ২৪ অক্টোবর ২০২৬।
