ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনিকে শেষ বিদায় জানানো হচ্ছে আজ। দখলদার ইসরায়েলের চালানো হামলায় ভবন ধসে এসব মানুষ নিহত হয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা সেগুলোর ভেতর পড়ে ছিলেন। এখন এই মরদেহগুলো উদ্ধার করে একসঙ্গে সবার জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির দারাজ এলাকা থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যা শুরু করে দখলদাররা। তিন বছর ধরে চালানো তাদের হামলায় ফিলিস্তিনি এ উপত্যকায় ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন।
ধারণা করা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সরকারি হিসেবের তুলনায় আসল নিহত ও আহতের সংখ্যা অনেক বেশি।
ইসরায়েলিরা গাজার বেশিরভাগ ভবন ধ্বংস করে দিয়েছে। এতে করে সাধারণ মানুষকে এখন খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। এছাড়া গাজার সীমান্তবর্তী বেশিরভাগ অঞ্চল দখল করে নেওয়ায় গাজার মানুষ এখন সমুদ্রের উপকূলবর্তী এলাকার দিকে সরে গেছেন।
গত বছর সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইসরায়েল। কিন্তু তা সত্ত্বেও এখনো প্রতিদিন গাজায় হামলা চালায় তারা। এতে করে নিহতের সংখ্যাও বেড়েই চলছে।
সূত্র: আলজাজিরা
