প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:২৭ পিএম
পাবনার ভাঙ্গুড়ায় নিজ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মোছা. রোজিনা আক্তার (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁ পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোজিনা আক্তার ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা আক্তারের মেয়ে বৃষ্টি প্রতিদিন সকালে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। রোববার সকালে মেয়ের ফোনে রোজিনা আক্তার সাড়া না দেওয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পাশের বাড়িতে যোগাযোগ করেন তিনি। সেখান থেকে একটি শিশুকে রোজিনার বাড়িতে পাঠানো হলে শিশুটি ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়।
বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
