“বিএসটিআই খোলাবাজার থেকে ১৯৩টি ফর্টিফাইড নমুনা সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে কোনো নমুনাতে ভারী ধাতুর অস্তিত্ব পায়নি,” বলেন তিনি।
Published : 14 Oct 2026, 09:14 PM
Updated : 14 Oct 2026, 09:13 PM
দেশের বাজারে ফর্টিফাইড সয়াবিন তেলে ভারী ধাতুর উপস্থিতির সংবাদের বিষয়ে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এমন কিছুর অস্তিত্ব পায়নি মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই।
বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে দেওয়া মন্ত্রীর এই বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে বিএসটিআই।
তাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিএসটিআই খোলাবাজার থেকে ১৯৩টি ফর্টিফাইড নমুনা সংগ্রহ করে নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে কোনো নমুনাতে ভারী ধাতুর অস্তিত্ব পায়নি। বাংলাদেশের বাজারে সব সয়াবিন তেল বিশুদ্ধ। এতে কোনো ভারী ধাতু নেই।”
মন্ত্রী বলেন, “ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে নজরদারি জোরদার, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল-আওয়াল, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান ও বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
