টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের শাইল সিন্দুর খালে দিনব্যাপী মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নানা বয়সি মৎস্যপ্রেমীরা মাছ ধরার দেশীয় বিভিন্ন উপকরণ নিয়ে খালে মাছ ধরতে নামেন। ঝাঁকি জাল, ঝাই জাল, চাক জাল নিয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েন সবাই। দিনব্যাপী এ উৎসবে খালজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মাছ ধরার জন্য কেউ জাল ছুড়ছেন, কেউ আবার কৌশলে জাল টেনে তুলছেন। মাছ পাওয়ার আশায় একস্থান থেকে অন্যস্থানে ছুটছেন মৎস্যপ্রেমীরা। বড় মাছ ধরা পড়লে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় বাড়তি আনন্দ-উচ্ছ্বাস। সব মিলিয়ে শাইল সিন্দুর খাল পরিণত হয় মৎস্যপ্রেমীদের মিলনমেলায়। উৎসবে শোল, টাকি, শিং, মাগুর, কৈ, পুঁটি ও টেংরাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরে মৎস্যপ্রেমীরা।
মাছ ধরতে আসা ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের আফছার আলী জানান, গতবারের তুলনায় এ বছর মাছ একটু কম। তবে মাছ যাই হোক এতে অন্যরকম আনন্দ রয়েছে। আমরা প্রতিবছর এই উৎসব পালন করি।
মৎস্য সমিতির সহসভাপতি হারেজ আলী বলেন, ‘আমরা প্রতিবছর এই দিনে শাইল সিন্দুর খালে মাছ ধরা উৎসব করে থাকি। এতে প্রায় ১০০-২০০ জন মৎসপ্রেমী অংশ নেন।
মৎস্য সমিতির সভাপতি আবেদ আলী বলেন, দিনব্যাপী এ মাছ ধরার উৎসব ঘিরে স্থানীয় মৎস্যপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার এমন আয়োজন স্থানীয় মানুষের কাছে আনন্দ ভাগাভাগি ও মিলনমেলার উপলক্ষ হয়ে ওঠে।