সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রিয়াদে এই দুই শীর্ষ নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) উল্লেখ করেছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আল-ইয়ামামা প্রাসাদের রয়্যাল কোর্টে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে দুই নেতা সৌদি আরব ও ফ্রান্সের মধ্যকার ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেন। একই সঙ্গে বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও তারা মতবিনিময় করেন।
এসপিএ জানিয়েছে, আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগের বিষয়টি গুরুত্ব পায়।কূটনীতি শিখুন
বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবানসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ফরাসি প্রতিনিধিদলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো, সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভাউত্রিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এলিসি প্রাসাদের তথ্য অনুযায়ী, উপসাগরীয় সফরের অংশ হিসেবে বুধবার দিনের শুরুতে সৌদি আরবে পৌঁছান ম্যাক্রোঁ।
সোমবার কুয়েত সফরের মধ্য দিয়ে তিনি এই সফর শুরু করেন এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাতে যান। এরপর মঙ্গলবার তিনি কাতার সফর করেন।
আঞ্চলিক তীব্র উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচলে বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ পরিবাহিত হয়।
