শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএ ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিন।
এ ছাড়া সভায় বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং হাইওয়ে ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোর দায়িত্ব, ট্রাফিক আইন বাস্তবায়ন, যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, তিন চাকার যানবাহন ও মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এ কারণে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলতে পারবে না। একই সঙ্গে লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ি তুলে দেওয়া যাবে না এবং হেলপাররা যাতে গাড়ি চালাতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
সড়কের বিভিন্ন ত্রুটি ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দেন। সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
The post মানিকগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিত করতে মতবিনিময় সভা appeared first on ভোরের চেতনা.
