শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯), সিলেটের অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি)। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর দিন শ্রীমঙ্গল শহরের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৯-এর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি—এক হাজারেরও বেশি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর সারা দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-৯-এর ১৪টি পেট্রোল টিম নিয়মিত টহল দিচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর দপ্তরে পর্যাপ্ত সদস্য স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা বা সন্দেহজনক তৎপরতা মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটও মোতায়েন রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
পরিদর্শনকালে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে রূপক দাস, পিন্টু দাস ও সেবাশ্রমের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্য উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় সেবাশ্রমের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্য বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও উপলক্ষ। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজক, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। পূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সেবাশ্রমের সদস্য রূপক দাস বলেন, সবাই যেন নিরাপদে ও নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা। নিরাপত্তাব্যবস্থা জোরদার ও সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা পূজার্থী ও আয়োজকদের মধ্যে স্বস্তি তৈরি করে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
পরিদর্শন ও ব্রিফিংয়ের সময় এসআরবি-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমান, ব্যাটালিয়নের অন্যান্য সদস্য, সেবাশ্রমের সদস্য, স্বেচ্ছাসেবক, দুর্গাপূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
