বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’
১২ অক্টোবর থেকে প্রচার শুরু হয়েছে নিলয় ও হিমি অভিনীত ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’। প্রথম দুই পর্ব প্রচারের পর নাটকটির বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ। পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প, দৃশ্য, এমনকি চরিত্রের পোশাকও হুবহু নকল করা হয়েছে। তবে নকলের অভিযোগ নিয়ে চিন্তিত নন নির্মাতা তানভীর তন্ময়। গণমাধ্যমকে তানভীর তন্ময় বলেন, ‘আমাদের নাটকের শুরুতেই উল্লেখ করা হয়েছে, বিদেশি ড্রামা থেকে অনুপ্রাণিত। কপি গল্প হলেও চেষ্টা করেছি বড় স্কেলে সেই আয়োজন দেখাতে। আরও কয়েকটি পর্বের পর দর্শক বুঝতে পারবেন, এখানে মৌলিক গল্পও আছে। তাই সমালোচনাকে বড় করে দেখছি না।’ তানভীর তন্ময় আরও বলেন, ‘সমালোচনার পাশাপাশি অনেকে ইতিবাচক মন্তব্যও করছেন। এত বড় বাজেটে আমাদের দেশে নাটক হচ্ছে, এর প্রশংসা করছেন তারা। এটা দেখে আরও অনেকে বড় বাজেটে নাটক নির্মাণ করতে সাহস পাবেন। এই সাহস পাইনি বলে প্রথম দিকে কপি গল্পের দিকে গিয়েছি। এর মধ্য দিয়ে আমাদের নিজস্ব গল্পও দেখাব।’ প্রথম প্রেমের গল্প ধারাবাহিকের টাইটেল কার্ডে সব কলাকুশলীকে পরিচয় করিয়ে দিলেও আড়ালে রাখা হয়েছে চিত্রনাট্যকারের নাম। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের লেখককে পরিচয় করাব যখন আমাদের মৌলিক গল্প শুরু হবে। এখন অনুপ্রাণিত গল্পের প্রচার চলছে। তাই মনে হয়েছে, এখন তার নাম উল্লেখ না করাই ভালো।’ এ বছরের শুরুতে জনপ্রিয়তা পেয়েছিল পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত আরেকটি ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। সেই জনপ্রিয়তা তাকে নকল গল্পের দিকে টেনেছে কি না জানতে চাইলে নির্মাতা তন্ময় বলেন, ‘ওই নাটক জনপ্রিয় হয়েছে বলে পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়েছি, বিষয়টি তেমন নয়। আরও দুই বছর আগে ধারাবাহিকের পরিকল্পনা করেছিলাম। সে সময় নিলয় ভাই একক নাটক নিয়ে ব্যস্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিরিজ জনপ্রিয়তা পাওয়ায় উনিও আগ্রহী হয়েছেন। আমারও মনে হয়েছে, এখন সিরিজ নির্মাণের ভালো সময়।’ প্রথম প্রেমের গল্প ধারাবাহিকে আরও অভিনয় করছেন ফারিন খান, আলী রাজ, সুজাতা, ফারজানা চুমকি, জাহিদ হোসেন শোভন প্রমুখ। প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ধারাবাহিকটির নতুন পর্ব।

আট বছর পরও ভক্তহৃদয়ে অমলিন আইয়ুব বাচ্চু
যে কণ্ঠে মুগ্ধ হয়েছেন প্রজন্মের পর প্রজন্ম, যে গিটারের সুরে মুখর হয়ে উঠত কনসার্টের মঞ্চ, সেই কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে হারানোর আট বছর পূর্ণ হয়েছে গতকাল। শারীরিকভাবে তিনি না থাকলেও গান, সুর আর গিটারের জাদুতে আজও অসংখ্য ভক্তের হৃদয়ে বেঁচে আছেন তিনি। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান বাংলা ব্যান্ডসংগীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু। সময়ের ব্যবধানে আট বছর পেরিয়ে গেলেও তার সৃষ্টি ও সংগীতের আবেদন এতটুকু কমেনি। বাংলাদেশের ব্যান্ডসংগীতকে জনপ্রিয় ও সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই শিল্পী। বরাবরের মতোই মৃত্যুবার্ষিকীতে আইয়ুব বাচ্চুকে ঘিরে ছিলো নানা আয়োজন। পারিবারিকভাবে তাকে স্মরণ করে দোয়া মাহফিল করা হয়। এছাড়া ব্যান্ড সমাজ থেকেও তাকে স্মরণ করা হয়। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। পরিবারের অমত থাকলেও ব্যান্ডের প্রতি তার ভালোবাসা জন্মায় একেবারে শৈশবেই। ছেলের এমন আগ্রহ দেখে ১১তম জন্মদিনে বাবা একটি গিটার কিনে দেন। কিন্তু তখন কি আর কেউ কল্পনা করেছে, এই এগারোর কিশোর একদিন দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট ও ব্যান্ড তারকা হয়ে উঠবেন! কলেজ জীবনে ওঠার পরই বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড গঠন করেন আইয়ুব বাচ্চু। প্রথমে এর নাম ছিল ‘গোল্ডেন বয়েজ’। পরে অবশ্য নাম বদলে ‘আগলি বয়েজ’ রাখেন। এই ব্যান্ডের গায়ক ছিলেন কুমার বিশ্বজিৎ। আর গিটারিস্ট ছিলেন আইয়ুব বাচ্চু। তারা স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন। ১৯৭৭ সালে ‘ফিলিংস’ ব্যান্ডে গিটারিস্ট হিসেবে যোগ দেন এবি। সেখানে তিনি জেমসের সঙ্গে বাজিয়েছিলেন। তবে আইয়ুব বাচ্চুর উত্থানের সূচনা মূলত ১৯৮০ সালে ‘সোলস’-এ যোগদানের পর। এই ব্যান্ডের হয়ে দশ বছর পারফর্ম করেছিলেন তিনি। অতঃপর ভাবলেন, নিজে কিছু করা যাক। সেই ভাবনা থেকে ১৯৯০ সালে গড়ে তোলেন ‘লিটল রিভার ব্যান্ড’। যা পরবর্তীতে ‘লাভ রানস ব্লাইন্ড’ বা ‘এলআরবি’ নামে বিপুল খ্যাতি লাভ করে। ব্যান্ডের হয়ে আইয়ুব বাচ্চু উপহার দিয়েছেন এলআরবি, সুখ, তবুও, ঘুমন্ত শহরে, ফেরারি মন, স্বপ্ন, আমাদের বিস্ময়, মন চাইলে মন পাবে, অচেনা জীবন, মনে আছে নাকি নেই, স্পর্শ এবং যুদ্ধ অ্যালবামগুলো। এছাড়া একক শিল্পী হিসেবে তার অ্যালবামের মধ্যে রয়েছে- রক্তগোলা, ময়না, কষ্ট, সময়, একা, প্রেম তুমি কি!, দুটি মন, কাফেলা, প্রেম প্রেমের মতো, পথের গান, ভাটির টানে মাটির গানে, জীবন, সাউন্ড অব সাইলেন্স (ইন্সট্রুমেন্টাল, রিমঝিম বৃষ্টি, বলিনি কখনো, জীবনের গল্প। এর বাইরে তার গাওয়া গানের অসংখ্য মিক্সড অ্যালবাম রয়েছে। আইয়ুব বাচ্চুর গাওয়া অসংখ্য কালজয়ী গানের মধ্যে রয়েছে- ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘মেয়ে’, ‘কেউ সুখী নয়’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘এক আকাশের তারা’, ‘ঘুমন্ত শহরে’, ‘রুপালি গিটার’, ‘উড়াল দেবো আকাশে’, ‘একচালা টিনের ঘর’, ‘তারাভরা রাতে’, ‘বাংলাদেশ’, ‘বেলা শেষে ফিরে এসে’, ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘আম্মাজান’, ‘ফেরারি মন’ ইত্যাদি। অডিও গানের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন। তারমধ্যে দারুণ জনপ্রিয় ‘আম্মাজান’ ছবির ‘আম্মাজান’ শিরোনাম গানটি। এছাড়াও ‘এক ঝাক পাখি উড়ে আকাশে’, ‘অনন্ত প্রেম’ ইত্যাদি গানগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। সংসারজীবনে তিনি স্ত্রী, ফাইরুজ সাফরা আইয়ুব নামে এক কন্যা ও আহনাফ তাজওয়ার আইয়ুব নামে এক পুত্রসন্তান রেখে গেছেন। নন্দিত এই শিল্পীর শ্রদ্ধায় তার জন্মশহর চট্টগ্রামের প্রবর্তক মোড়ে একটি গিটার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ‘রূপালি গিটার’ নামের সেই ভাস্কর্য মাথা উঁচিয়ে এই কিংবদন্তির অবদানের কথা জানান দেয় বিভিন্ন প্রজন্মের মানুষকে।

আরব্য রজনীর গল্প নিয়ে হলিউডে নতুন সিরিজ
মধ্যপ্রাচ্যের অমর লোককাহিনি ‘আরব্য রজনী’ বা ‘ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস’ অবলম্বনে হলিউডে এর আগে অনেক কাজ হয়েছে। ২০১৯ সালে ডিজনির তৈরি মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘আলাদিন’ ব্যাপক প্রশংসিত হয়। এবার আরব্য রজনীর গল্প নিয়ে হলিউডের আরও এক বড় উদ্যোগের খবর পাওয়া গেছে। ‘স্পার্টাকাস’ ও ‘ভাইকিংস’-এর মতো তুমুল জনপ্রিয় সিরিজের নির্মাতারা মিলে তৈরি করছেন ১০ পর্বের লাইভ-অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ, যার নাম দেওয়া হয়েছে ‘অ্যারাবিয়ান নাইটস’। সিরিজটিতে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন আনা হয়েছে। কোনো নির্দিষ্ট গল্প অনুসরণ না করে এতে আরব্য রজনীর অন্যতম জনপ্রিয় চরিত্র দুঃসাহসী নাবিক সিনবাদ, জাদুর প্রদীপের অধিকারী আলাদিন ও তীক্ষ্ণ বুদ্ধিমান আলীবাবাকে একই গল্পে নিয়ে আসা হচ্ছে। তারা শাহেরজাদের সঙ্গে মিলে এক অশুভ জাদুকরের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করবে। এই শ্বাসরুদ্ধকর বাস্তব অভিজ্ঞতাই শাহেরজাদকে পরিণত করে সর্বকালের সেরা গল্পকারে। এসব ঘটনা পরবর্তীকালে রূপ নেয় কিংবদন্তি রূপকথায়, যা আজও মানুষকে মুগ্ধ ও অনুপ্রাণিত করে চলেছে। এককথায়, এটি শুধু ফ্যান্টাসি গল্প নয়, বরং কীভাবে আরব্য রজনীর মতো অমর সাহিত্যের জন্ম হলো, তারও কাল্পনিক আখ্যান। ভ্যারাইটি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ভেরিটাস এন্টারটেইনমেন্ট এই মেগা প্রজেক্টের দায়িত্বে রয়েছে। চিত্রনাট্য লিখছেন ‘কিংস’ সিরিজখ্যাত কামরান পাশা। তার সঙ্গে আরও রয়েছেন ‘স্পার্টাকাস’-এর চিত্রনাট্যকার স্টিভেন এস ডিনাইট। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ‘ভাইকিংস’, ‘দ্য মর্নিং শো’, ‘দ্য সিজন’, ‘দ্য মসকিউটো কোস্ট’সহ অনেক জনপ্রিয় সিরিজের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। চিত্রনাট্যকার কামরান পাশা বলেন, ‘এই সিরিজের মাধ্যমে আমরা এমন কিছু করার সুযোগ পেয়েছি, যা হলিউড আগে কখনো করেনি। আরব্য রজনীর জনপ্রিয় চরিত্রগুলোকে আমরা একটি গল্পে নিয়ে এসেছি। এতে মূল গল্পের রোমাঞ্চের পাশাপাশি সাংস্কৃতিক সত্যতাও বজায় থাকবে।’ চিত্রনাট্যকার স্টিভেন বলেন, ‘আধুনিক দর্শকদের কাছে আরব্য রজনীর গল্পগুলো তুলে ধরার এই উদ্যোগে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। কামরান পাশা গল্পটিকে এমন ভিন্ন রূপ দিয়েছেন, যা একে আরও রোমাঞ্চকর করে তুলেছে।’ নির্মাতারা জানিয়েছেন, তাদের লক্ষ্য অ্যারাবিয়ান নাইটস সিরিজের গল্প একাধিক সিজন ধরে এগিয়ে নেওয়া। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের সেপ্টেম্বরে বাহরাইনে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সার্বিক সহায়তা করবে বাহরাইন সরকার।

আজীবন সম্মাননা পাচ্ছেন আল পাচিনো
হলিউডের কিংবদন্তি অভিনেতা আল পাচিনোকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পীদের সংগঠন সাগ-আফট্রা। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে ছয় দশকের বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৭ সালের লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। গত ১৫ অক্টোবর এ ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর মধ্য দিয়ে সাগ-আফট্রার আজীবন সম্মাননার ৬২তম প্রাপক হতে যাচ্ছেন আল পাচিনো। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৩৩তম অ্যাক্টর অ্যাওয়ার্ডস। ওই অনুষ্ঠানেই তার হাতে তুলে দেয়া হবে পুরস্কারটি। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে নেটফ্লিক্স। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন আল পাচিনো। ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ সিনেমায় মাইকেল করলিওনে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।

হেনস্তার শিকার সংগীতশিল্পী ইমন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। যার কণ্ঠে গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন বাংলা ভাষাভাষী শ্রোতারা। এবার সেই তারকা গান করতে গিয়ে হেনস্তার শিকার হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এ বছর দুর্গা পূজার উৎসবে অনুষ্ঠান করার জন্য বিদেশে গিয়েছেন অনেক শিল্পী। সেই তালিকায় এ গায়িকাও রয়েছেন। নিউ জার্সির একটি পূজার অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল ইমনের। সেখানে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মকর্তাদের অপেশাদার আচরণে কুরুচিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ সংগীতশিল্পী। তবে সব ঝামেলা কাটিয়ে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়া পৌঁছেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরে হেনস্তার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইমন। তার অভিযোগ- বোর্ডিং পাস থাকার পরও বিমানে তাদের উঠতে দেয়া হয়নি। বরং পাল্টা মার্কিন বিমান সংস্থার কর্মীরা তাদের সঙ্গে অভদ্র আচরণ করেছেন। এমনকি গায়ে পর্যন্ত হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। এ অবস্থায় নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন গায়িকা। ইমন বলেন, নিউ জার্সির দুর্গা পূজার অনুষ্ঠানে যেতে নির্ধারিত সময় ডালাস বিমানবন্দরে পৌঁছালেও আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠার সময় কোনো যুক্তি ছাড়াই আটকে দেয়া হয় তাদের। এতে তারা প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হয়। সংগীতশিল্পী ও তার সহশিল্পীদের ধাক্কা দিয়ে বোর্ডিং গেট থেকে বাইরে বের করে দেয়া হয়। এছাড়া তাদের বাদ্যযন্ত্রগুলোও তাচ্ছিল্য করা হয়েছে। এ অবস্থায় অনভিপ্রেত ঘটনার জন্য শেষ পর্যন্ত নির্দিষ্ট ফ্লাইটটি মিস করেন তারা। পরবর্তীতে একটি বিকল্প ফ্লাইটের কথা বলা হলেও সেটি অনিশ্চিত ছিল। তবে ঝড় ঝঞ্ঝা সামলে শেষ পর্যন্ত টিমের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়া পৌঁছান ইমন। সেখান থেকে উদ্বিগ্ন শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করেন। বলেন, আমরা নিরাপদে ফিলাডেলফিয়া পৌঁছেছি। রাতে মঞ্চে ওঠার জন্য প্রস্তুত।

