আসন্ন দুর্গাপুজো নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে সতর্কতামূলক বার্তা শাসকদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর। দলের প্রত্যেক নেতাকর্মী প্রত্যেক পুজোমণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করবেন। এমনটাই জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভি। শনিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি। গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিজভি জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যুগে যুগে একে অপরের ধর্মীয় উৎসবে শরিক হয়েছি। কিন্তু পরাজিত অপশক্তি পুজোকে কেন্দ্র করে যেকোনও সময় চক্রান্ত করতে পারে। এই চক্রান্ত রুখে দিতে বিএনপির প্রত্যেক নেতাকর্মী ও সাধারণ জনগণকে দুর্গাপুজোর মণ্ডপগুলো পাহারা দেওয়ার বার্তা দিচ্ছি। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ১২ সদস্যের একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কমিটিতে দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে সদস্যসচিব করা হয়েছে। রিজভি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপুজো কীভাবে নির্বিঘ্ন ও নিরাপদ করা যায়, এই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্থানীয় পুজোমণ্ডপের কমিটির সঙ্গে সমন্বয় সাধন করে স্বেচ্ছাসেবীর ভূমিকা পালন করবেন দলের নেতাকর্মীরা। এবার দুর্গাপুজোয় শাসকদলের পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অপশক্তি যেন কোনও ধরনের বিভেদ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার তাগিদ দেওয়া হয়েছে।”
বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরদারি বাড়ানোর বার্তা দেওয়া হয়। পাশাপাশি ব্যাঙ্কিং খাত ও রেমিট্যান্স প্রবাহে গতিশীলতা ফেরানোর উপায় নিয়ে আলোচনা হয়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে। দেশের যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে সরকারকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। উল্লেখ্য, বর্তমানে দেশের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী। ‘পরাজিত অপশক্তি’ বলতে কি তাহলে জামাতকেই নিশানা করল বিএনপি?
