সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
‘আরও বিশ্রাম প্রয়োজন’, শারীরিক অবস্থা নিয়ে নতুন বার্তা অমিতাভ বচ্চনের
শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগের মধ্যেই অনুরাগীদের নতুন বার্তা দিলেন অমিতাভ বচ্চন। আপাতত আরও বিশ্রাম প্রয়োজন বলে জানিয়েছেন বলিউডের শাহেনশা। নিজের ব্লগে মানবশরীরের বৈশিষ্ট্য ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া নিয়ে ভাবনার কথা লিখেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বিশ্রাম এবং সুস্থতার দিকে মন দিতে চান অভিনেতা। এর আগেও সমাজমাধ্যমে কয়েক দিন বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। চিকিৎসকদের পরামর্শে বিশ্রাম নেওয়ার কারণে নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন না বলেও অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। দুর্গাপুজো ও দশেরার শুভেচ্ছা জানাতে গিয়েও বিশ্রামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন অভিনেতা। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। তবে তাঁর বর্তমান বিশ্রামের পরামর্শের সঙ্গে সেই চোটের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা অভিনেতা নিশ্চিত করেননি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।
‘আমি কখনও আলাদা হতে চাইতাম না’, ইমরান খানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অবন্তিকা মালিক
দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত কে নিয়েছিলেন? অভিনেতা ইমরান খানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিক। সম্প্রতি সোহা আলি খানের একটি কথোপকথনে অবন্তিকা জানান, তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত প্রথম নিয়েছিলেন ইমরানই। অবন্তিকার কথায়, “ও-ই সিদ্ধান্তটা নিয়েছিল। আমি কখনও এটা করতাম না।”
অল্প বয়সে সম্পর্ক শুরু করেছিলেন তাঁরা। দীর্ঘ ১৮ বছরের সম্পর্কের পর ২০১৯ সালে আলাদা হয়ে যান দু’জনে। অবন্তিকার মতে, তাঁদের বিচ্ছেদের পিছনে কোনও একটি বড় ঘটনা নয়, বরং বছরের পর বছর জমে থাকা ছোট ছোট সমস্যা এবং অবাস্তব প্রত্যাশা দায়ী। সম্পর্ক বাঁচানোর চেষ্টাও করেছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত দু’জনে বিচ্ছেদের সিদ্ধান্তে সম্মত হন। এই সম্পর্ককে ব্যর্থতা হিসেবে দেখতে চান না অবন্তিকা। তাঁর মতে, একসঙ্গে কাটানো ১৮ বছর এবং গড়ে তোলা পরিবারও তাঁদের জীবনের সাফল্য।
প্রভাসকে 'প্রিয় বন্ধু' বললেন অনুপম
দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা প্রভাসের ৪৭তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন অভিনেতা অনুপম খের। সমাজমাধ্যমে প্রভাসকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে তাঁর উষ্ণতা, উদারতা এবং ব্যক্তিত্বের প্রশংসা করেছেন বর্ষীয়ান অভিনেতা। অনুপমের কথায়, প্রভাসের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই বিশেষ হয়ে ওঠে তাঁর আন্তরিক ব্যবহারের কারণে। শুধু অভিনয় নয়, মানুষ হিসেবেও প্রভাসের প্রশংসা করেছেন অনুপম। তাঁর মতে, প্রভাস অত্যন্ত প্রতিভাবান অভিনেতা এবং একই সঙ্গে অত্যন্ত ভাল মনের মানুষ। জন্মদিনে প্রভাসের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘ জীবন কামনা করেছেন তিনি। পাশাপাশি অভিনেতাকে নিজের স্বাভাবিক হাসি ও উজ্জ্বল ব্যক্তিত্ব ধরে রাখার বার্তাও দিয়েছেন।
‘ফৌজি’ ছবিতে একসঙ্গে কাজ করছেন অনুপম ও প্রভাস। কাজের সূত্রে তৈরি হওয়া তাঁদের এই বন্ধুত্বের ঝলক অনুপমের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ধরা পড়েছে।
