ফিফা সভাপতির বিরুদ্ধে এবার ‘অপ্রকাশিত’ অর্থ গ্রহণের গুরুতর অভিযোগ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপ পরিচালনার দায়িত্বে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অপ্রকাশিত অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ করেছেন, ফিফা এবং মার্কিন অভ্যন্তরীণ রাজস্ব সেবার (আইআরএস) নথি থেকে এমন তথ্য মিলেছে। অতিরিক্ত পারিশ্রমিক ঘিরে স্বচ্ছতার অভাব সংস্থার সংবিধির সম্ভাব্য লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। ২০২৪ সালে ইনফান্তিনো বেতন বাবদ যে অর্থ পেয়েছিলেন, এটি তার অতিরিক্ত।
যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থাগুলোকে প্রতিবছর যে আইআরএস ফর্ম ৯৯০ দাখিল করতে হয়, সেটির তথ্য অনুযায়ী ইনফান্তিনো ২০২৬ বিশ্বকাপ পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ফিফা কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত অফিসিয়াল প্রতিষ্ঠান ‘এফডব্লিউসি২০২৬’ থেকে ২০২৪ সালে ১৭ লাখ ২০ হাজার ডলার গ্রহণ করেছেন। বাংলাদেশি টাকায় পরিমাণ ২১ কোটি ২১ লাখের বেশি।
ফিফার সেবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সভাপতির নিয়মিত বেতন-ভাতা ছিল ৪২ লাখ ৭৪ হাজার সুইস ফ্রাংক, যা প্রায় ৪৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের সমান। ‘এফডব্লিউসি২০২৬’-এর ফর্ম ৯৯০ প্রকাশ্যে আসার সর্বশেষ বছর অর্থাৎ, ২০২৪ সালে ফিফার বার্ষিক প্রতিবেদনে এই অতিরিক্ত পারিশ্রমিকের কথা প্রকাশ করা হয়নি।
ফিফার সংবিধির অনুচ্ছেদ ৪৩-এর ১৩ ধারাতে বলা হয়েছে, ‘ক্ষতিপূরণ, উপ-কমিটি বিশেষভাবে ক্ষতিপূরণ বিধি নির্ধারণ করবে এবং ফিফা সভাপতি, কাউন্সিলের সদস্যবৃন্দ ও ফিফা সাধারণ সম্পাদকের পারিশ্রমিক ঠিক করবে। ফিফা সভাপতি, কাউন্সিলের সদস্যবৃন্দ এবং ফিফা সাধারণ সম্পাদকের ব্যক্তিগত পারিশ্রমিক প্রকাশ করতে হবে।’
ইএসপিএনকে ফিফার মুখপাত্র জানিয়েছেন, ‘ফিফা সমস্ত রিপোর্টিং প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে মেনে চলে এবং ফিফার সংবিধির কোন লঙ্ঘন হয়েছে বলে করা যেকোনো ইঙ্গিত জোরালভাবে প্রত্যাখ্যান করে।’ ইনফান্তিনোর বাড়তি পারিশ্রমিক পাওয়ার বিষয়টি সবার আগে প্রকাশ করেছে ‘দ্য টাইমস’।
ফিফার গভর্নিং কমিটির সাবেক চেয়ারম্যান মিগুয়েল মাদুরো ‘দ্য টাইমস’কে জানিয়েছেন, ‘ফিফার সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলো থেকে ইনফান্তিনোকে অন্যকোন অর্থ দেয়া হলে এবং তা প্রকাশ্যে না আনাটা বিধির স্পষ্ট লঙ্ঘন। ফিফার সংবিধিতে পূর্ণ স্বচ্ছতার বাধ্যবাধকতা রয়েছে। ফিফার ক্ষতিপূরণ উপ-কমিটির জন্য অন্যকোন উপায়ে পারিশ্রমিক দেয়ার অনুমোদন দেয়া যথাযথ নয়। মনে করি ফিফা সভাপতির অনেকবেশি বেতন পাওয়া উচিত, তবে তা অবশ্যই স্বচ্ছ হতে হবে।’
ইনফান্তিনোর অতিরিক্ত বেতন প্রকাশ পাওয়ার ঘটনা তাকে ঘিরে চলমান বিতর্কের সর্বশেষ সংযোজন। চলতি বছরের শুরুর দিকে জানা যায়, তিনি ‘ফুটবল ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের একটি উদ্যোগের মাধ্যমে জশ কুশনারের নেতৃত্বে বাইরের বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা করেছিলেন। কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই।
জুরিখে ফিফা কাউন্সিলের পরবর্তী বৈঠক আগামী বৃহস্পতিবার বসছে। সেখানে এটি উল্থাপিত হতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
