অত্যাচার ও রাজনৈতিক নিপীড়নের মুখে পড়েও সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক আদর্শ ও দলের নীতি থেকে কখনও বিচ্যুত হননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘নানা নির্যাতন-নিপীড়নের পরও তিনি বিচলিত হননি। সালাউদ্দিন আহমেদ যে রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা অনেক জাতীয় নেতাও করতে পারেননি।’
আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দলটির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সালাউদ্দিন আহমেদের জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘সালাউদ্দিন আহমেদের এই প্রয়াণ স্বাভাবিক কোনো প্রয়াণ নয়; এটি মূলত জেল-জুলুম ও দীর্ঘ নির্যাতনের ফল। তিনি অভিজ্ঞ ও প্রাজ্ঞ মানুষ ছিলেন, প্রয়াণ ঘটার মতো এমন কোনো বয়স তার হয়নি। এখানে উপস্থিত বরকতুল্লাহ বুলু বা আব্দুস সালাম ভাইদের চেয়েও তিনি বয়সে ছোট ছিলেন। তার এই অকাল মৃত্যু শুধুই একটি স্বাভাবিক শারীরিক প্রয়াণ নয়, বরং এটি অত্যাচার ও নিপীড়নে ক্ষতবিক্ষত হওয়ার পরিণতি।’
অতীত আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘২০২৩ সালের অক্টোবরের আন্দোলনের সময় তাকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে গ্রেপ্তার করে নিপীড়ন চালানো হয়েছিল। কারাগারে তিনি বারবার অসুস্থ হয়ে পড়লেও তাকে জামিন দেওয়া হয়নি এবং উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি।’
ফ্যাসিবাদী আমলে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চলা নিপীড়নের কথা উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘দেশজুড়ে যেভাবে নিপীড়ন চালানো হয়েছে, সালাউদ্দিন আহমেদও তার শিকার হয়েছেন। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও তারা নির্যাতন ও অন্তরীণ করতে ছাড়েনি।’
জানাজাপূর্ব সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
