নেত্রকোনার দুর্গাপুরে গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন শুটার হিসেবে তাইজুলকে সামনে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।
এ ঘটনায় তাইজুলের অস্ত্র রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপূর্ব নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. জাহিদুল হাসান।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ডিআইজি মো. জাহিদুল হাসান বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে। তদন্তে তাইজুলকে সন্দেহভাজন শুটার হিসেবে বিবেচনায় নিয়ে এগোনো হচ্ছে। তার অস্ত্র রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, ‘একটি হত্যাকাণ্ড সংঘটিত হলেই সেখানে কর্মরত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সেটার কারণ উদঘাটনের চেষ্টা করে। আমরা বিস্তারিত অনুসন্ধান করছি। এখনো আমাদের তদন্ত চলমান। গতকাল আমরা একজন সন্দেহভাজন, যাকে মূল শুটার তাইজুল হিসেবে সামনে রেখে এগোচ্ছি। তার অস্ত্র রক্ষণাবেক্ষণ করেন, এমন একজনকে গত রাতে গ্রেপ্তার করেছি। তার নাম অপূর্ব। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আশাবাদী, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে পারব।’
এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরসহ ময়মনসিংহ রেঞ্জের চার জেলায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি।
তিনি জানান, জামালপুর জেলায় এবার ২২৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার আয়োজন নির্বিঘ্ন ও উৎসবমুখর রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বিসর্জনের দিন পর্যন্ত সুষ্ঠুভাবে দায়িত্ব পালন এবং উৎসবের পরিবেশ বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
