পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে প্রমাণ হয়েছে সনাতন ধর্মাবলম্বীরা কারও পকেটের ভোটার নয়। তারা স্বাধীনতার, বাংলাদেশের মানচিত্রের পক্ষের মানুষ।
সোমবার (১৯ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলায় পাচপীর নিজ ইউনিয়নের পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করে বাংলাদেশের পতাকা ছিনিয়ে এনেছে। অথচ সেদিন যারা এই দেশকে স্বাধীন হিসেবে দেখতে চায়নি, স্বাধীনতাকামী মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তারা মব সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে। সনাতনী ভাইদের কুপ্ররোচনা দিয়ে নিজের দলে ভেড়াতে চাইছে।
তিনি আরও বলেন, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকার ইতোমধ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিএনপি দলীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে। কারণ বিএনপি সরকার বিশ্বাস করে হিন্দু-মুসলিমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়নসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
