বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন। গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
দেশ ও দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পর সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ষাটের দশকের নন্দিত এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
নাসিমা খান দুই ছেলের জননী। বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্র প্রবাসী। ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল গত কয়েক মাস আগে নিখোঁজ হন। তার সন্ধান আজও মেলেনি। ছোট ছেলেকে দেখতে না পারার হাহাকার বুকে চেপেই পরপারে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী। মৃত্যুর আগে দেখতে পেলেন না বড় ছেলের মুখও। আজ দেশে ফিরেছেন শাবান। মা-পুত্রের দেখা হয়েছে জীবনের দুই পাড়ে দাঁড়িয়ে।
আজ মায়ের শেষ বিদায়ের সব আয়োজন সারবেন শাবাব। জানা গেছে, নাসিমা খানের জানাজা ও দাফন আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বাদ জোহর রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থান মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
পরে ওই কবরস্থানেই তাকে দাফন করা হবে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।

তিনি বলেন, ‘নাসিমা খানের ছেলে যুক্তরাষ্ট্র থেকে আজ সকালে দেশে এসেছেন। আমরা এখন আজিমপুরের উদ্দেশে রওনা হয়েছি। আজ বাদ জোহর পুরাতন কবরস্থান মসজিদে নাসিমা খান ম্যাডামের জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।’
মৃত্যুর পর রোববার রাতে উত্তরার লুবনা হাসপাতাল থেকে তার মরদেহ মারকাজুতে নেওয়া হয়। সেখানে গোসল করানোর পর ফ্রিজিং গাড়িতে মরদেহ রাখা হয়। পরে সোমবার (১২ অক্টোবর) সকালে মরদেহ একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়। যুক্তরাষ্ট্র থেকে ছেলের দেশে ফেরার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের অভিনেত্রীদের অন্যতম নাসিমা খানের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমার মাধ্যমে। ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে পরিচিতি পান তিনি।
বিজ্ঞাপন
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন নাসিমা খান। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। সর্বশেষ ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে।
এমআই/এলআইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
