ময়মনসিংহের গৌরীপুরে আবাসিক বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে তানভির আহমেদ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে গৌরীপুর পৌর শহরের গাও গৌরীপুর মহল্লায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান।
দণ্ডপ্রাপ্ত তানভির আহমেদ ওই মহল্লার শেখ জামাল আহমেদের ছেলে।
জানা গেছে, তানভির গ্যাস সিলিন্ডারের ব্যবসা করেন। তবে এ ব্যবসার জন্য প্রয়োজনীয় বিস্ফোরক লাইসেন্স তাঁর ছিল না। সম্প্রতি তিনি ঝুঁকিপূর্ণভাবে নিজের বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত করেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে ৩৫০টি খালি ও ২৫০টি গ্যাসভর্তি সিলিন্ডার পাওয়া যায়।
পরে ১৯৫৬ সালের ব্যবসাসংক্রান্ত আইন অনুযায়ী তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান জানান, আবাসিক বাড়িতে এভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখার সুযোগ নেই। সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। সতর্ক করা এবং আইন অমান্য করার দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।
