শুরুতে ব্যাট হাতে রানের ঝড়, পরে বল হাতে প্রতিপক্ষকে চেপে ধরা; দুই বিভাগেই দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮২ রানের জয় পেয়েছে স্বাগতিকেরা। তাতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
বিজ্ঞাপন
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রান তোলে পাকিস্তান। দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় দলটি। উদ্বোধনী জুটিতে ৫৫ রান যোগ হওয়ার পর ১৭ বলে ২২ রান করে ফেরেন ফখর জামান। এরপর দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত মজবুত করেন সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। ফিফটি পেরিয়ে শেষ পর্যন্ত ৭৩ রানে থামেন ফারহান।
তবে পাকিস্তানের ইনিংসের সবচেয়ে আলোচিত পারফরম্যান্সটি আসে সাদাকাতের ব্যাট থেকে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে মাত্র ৫১ বলে ৯৬ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও সাতটি ছক্কা। শেষ দিকে মাত্র ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন হাসান নেওয়াজ।
জবাবে ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের মধ্যেই দুই উইকেট হারানো দলটি পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। রান তোলার গতি বাড়াতে না পারায় জয়ের লড়াই থেকে ক্রমেই দূরে সরে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৩ রানেই থামে তাদের ইনিংস।
