অজয় দেবগনের বাংলোর অংশ ভাঙল কর্তৃপক্ষ
অননুমোদিত নির্মাণের অভিযোগে মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা অজয় দেবগনের বাংলোর কিছু অংশ ভেঙে দিয়েছে বিএমসি। এর আগে নির্মাণকাজ বন্ধ ও বৈধ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস দিয়েছিল কর্তৃপক্ষ।
জার্নাল ডেস্কদুর্গোৎসবের মধ্যে নতুন একটি বিপাকে পড়লেন বলিউডের নব্বই দশকের অভিনেতা অজয় দেবগন। ‘অননুমোদিত’ নির্মাণের অভিযোগে কাজ বন্ধের নোটিস জারির কয়েক দিন পর মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার বাংলোর কিছু অংশ ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয়।
এনডিটিভি জানিয়েছে, অজয় দেবগন ও কাজলের প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট আয়তনের বাংলোটি জুহুর কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত।
বিএমসির দাবি, প্রয়োজনীয় অনুমতি ছাড়া ওই বাংলোর ভেতরের অংশে পরিবর্তন, পার্টিশন দেয়াল নির্মাণ, জানালার কাঠামো পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছিল।
এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন আইনের ৩৫৪-এ ধারায় আনুষ্ঠানিক নোটিস দেয় বিএমসি। এতে নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করা এবং বৈধ নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে নোটিসের পরও নির্মাণকাজ চলতে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে বিএমসির কর্মকর্তারা সেখানে গিয়ে অননুমোদিতভাবে নির্মিত অংশ ভেঙে দেন।
এর আগে মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্য ‘বিমল পান মশলা’র বিজ্ঞাপন করে বিতর্কে জড়ান অজয় দেবগন। ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিপাকে পড়েন শাহরুখ খান ও টাইগার শ্রফও। তাঁদের নোটিস দেন মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা বিভাগের প্রধান তুকারাম মুন্ডে। তামাকজাত পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্যই তিনি পরিচিত।
সেই বিতর্কের রেশ না কাটতেই বাংলোয় অননুমোদিত নির্মাণের অভিযোগে নতুন করে বিপাকে পড়লেন অভিনেতা।
বাংলাদেশ জার্নাল/এনএম
