নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোসাদ্দেক হাসান (২৬) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোসাদ্দেক হাসান নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া এলাকার বাসিন্দা। মৃত্যুর আগে তিনি তিন দিন জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
নরসিংদীর সিভিল সার্জন বুলবুল কবির জানান, চলতি বছরে সরকারি হিসাব অনুযায়ী, নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১২৪ জন।
নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক মিজানুর রহমান জানান, নরসিংদীতে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় এ বছর এই প্রথম কোনো ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে মারা গেলেন। যদিও বেসরকারি হাসপাতাল ও নিজ বাড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন।
তবে দিন দিন নরসিংদীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৩৩ জন।
