দুর্গাপূজার দশমীতে ঢোলের বাজনা আর আরতির মধ্য প্রতিমা বিসর্জন দেওয়া হল চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা ফিরলেন কৈলাসে। বুধবার বিকাল ৩টা থেকে সাগরে প্রতিমা বিসর্জন শুরু হয়। হাজারো মানুষ সেখানে ভিড় করেন।
পতেঙ্গা সৈকতের পাশাপাশি কালুরঘাট ও ফিরিঙ্গি বাজার এলাকায় কর্ণফুলী নদীতে এবং কাট্টলী এলাকার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের আয়োজন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্য ও ডুবুরি দল।
দুপুর থেকেই প্রতিমাবাহী ট্রাক আসতে শুরু করে পতেঙ্গা সমুদ্রসৈকতে। ঢাকের তালে নাচ, আরতি আর ধর্মীয় আনুষ্ঠানিকতায় মেতে ওঠেন ভক্তরা। দেবীর চরণে শেষ প্রণাম জানিয়ে, সিঁদুর আর ফুলের অর্ঘ্যে বিদায় জানান তারা। ধর্মীয় রীতি মেনে দেন বিসর্জন।
প্রতিমা বিসর্জন দিতে আসা অমিত দে বলেন, ‘এ বছর এক দিন বেশি পূজা হওয়ায় উৎসবের আনন্দটাও বেশি ছিল। আজ মাকে বিদায় জানাতে কষ্ট হচ্ছে, তবে আবারও আগামী বছর মা আসবেন সেই অপেক্ষায় থাকব।’
পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অর্পন ব্যানার্জী বলেন, ‘এবার সুন্দরভাবে পূজার আয়োজন হয়েছে। বিসর্জন সুশৃঙ্খলভাবে হয়েছে। প্রতি বছরই এভাবে পূজার সব আয়োজন হবে এটাই প্রত্যাশা।’
পতেঙ্গা সৈকতে বিসর্জন কার্যক্রম পরিদর্শনে এসে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘এবার নগরীতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হয়েছে। প্রতিমা বিসর্জনের জন্য নগরীর চারটি স্থানে ব্যবস্থা রাখা হয়েছে। মেডিকেল টিমসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।’
এ বছর চট্টগ্রাম নগরীর ২৯৪টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল ছয় দিনের শারদীয় দুর্গোৎসব।
The post চট্টগ্রামে প্রতিমা বিসর্জনে ভক্তদের ঢল appeared first on বাংলাধারা.
