নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবা-মাকে ফাঁকি দিয়ে গভীর রাতে খালার বাড়ি কুমিল্লার উদ্দেশে পায়ে হেঁটে রওনা হয় ৭ ও ১২ বছর বয়সী দুই শিশু। ঘুমন্ত বাবা-মায়ের চোখ ফাঁকি দিতে কোল বালিশের ওপর কাঁথা দিয়ে ঢেকে বাসা থেকে বেরিয়ে যায় তারা। কিন্তু বাসা থেকে প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে পথ হারিয়ে কান্নাকাটি শুরু করে দুই শিশু। পরে পুলিশের টহল দল তাদের উদ্ধার করে ভোরে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার বাসা থেকে বের হয় নূর (৭) ও তানহা (১২) নামের দুই শিশু। রাত ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় তাদের কান্না করতে দেখে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি টহল দল।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম জানান, রাত ১২টার দিকে লিংক রোডে দুই শিশুর কান্নার শব্দ শুনে তাদের কাছে যান তিনি। পরিচয় জানতে চাইলে তারা নিজেদের নাম ও বাবার নাম ছাড়া আর কিছু বলতে পারেনি। শুধু কোন দিক থেকে এসেছে, তা জানাতে পারে।
কোথায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে জানতে চাইলে ১২ বছর বয়সী তানহা জানায়, নূর তার চাচাতো বোন। তাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে কুমিল্লায় খালার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে তারা।
বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে জানান এসআই শামীম। পরে ওসির নির্দেশনায় শিশুদের দেখানো পথ ধরে তাদের বাসা খুঁজতে বের হন তিনি। ফতুল্লার সস্তাপুর, কায়েমপুর ও ইসদাইরসহ বিভিন্ন এলাকায় প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার হেঁটে খোঁজাখুঁজি করেন পুলিশের ওই কর্মকর্তা।
একপর্যায়ে রাত ৪টার দিকে তানহা তার স্কুলের নাম জানায়। এরপর তাকে ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার গ্লোরি ইন্টারন্যাশনাল স্কুলের সামনে নিয়ে গেলে সে নিজের বাসা চিনিয়ে দেয়। সেখানে সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন শিশু দুটির পরিবারের সদস্যরা।
এসআই শামীম জানান, শিশুদের বাসায় গিয়ে দেখা যায়, তাদের বাবা-মা গভীর ঘুমে রয়েছেন। ঘুম থেকে ডেকে তুলে সন্তানদের বিষয়ে জানতে চাইলে তারা ঘরে গিয়ে দেখেন, কোল বালিশের ওপর কাঁথা দিয়ে ঢেকে রাখা হলেও সন্তানরা সেখানে নেই।
সন্তানদের না পেয়ে মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘুম থেকে উঠে বাড়িতে ভিড় করেন। পরে পুলিশের পক্ষ থেকে দুই শিশুকে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের তৎপরতায় গভীর রাতের উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটে। নিরাপদে সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে পরিবারটিতে।
The post কাঁথা দিয়ে বালিশ ঢেকে উধাও দুই শিশু,ফতুল্লা পুলিশের তৎপরতায় ফিরল পরিবারে appeared first on Daily Sangbad Chorcha.
