ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে দেশের শীর্ষস্থানীয় আইন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সংবিধানের সামগ্রিক সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা জোরদার এবং সর্বজনগ্রাহ্য সংশোধনী খসড়া তৈরির বিষয়ে তাঁরা মতামত ও আইনি পরামর্শ দিচ্ছেন।
বৈঠকসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রণীত জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে সংবিধান সংশোধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। অভ্যুত্থানের চেতনা ধারণ করে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং শহীদ ও আহত ব্যক্তিদের আইনি সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
এ ছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা, এর এখতিয়ার সুস্পষ্ট করা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনমতের প্রতিফলন ঘটাতে গণভোটের মতো ব্যবস্থা পুনর্বহালের আইনি দিকগুলো নিয়ে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন।
