ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেউ অপকর্ম করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করা হবে, কেউ যেন কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার সুযোগ না পায়। আর কেউ যদি কোনো ধরনের অপকর্ম করেন, তাহলে সঙ্গে সঙ্গে প্রতিহত করা যায়, সেই ধরনের সব ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বাকি যেসব ডিজিটাল ডিভাইস রয়েছে, যেমন বডিওর্ন ক্যামেরা পুলিশ, বিজিবি, এসআরবির সঙ্গে ড্রোন থাকবে: তাৎক্ষণিকভাবে রেসপন্স করার জন্য যা যা প্রয়োজন সব থাকবে। আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করার কথা চিন্তা করছি না, ধরে নেন সেনাবাহিনী মোতায়েন হবে না। এখানে আমাদের যে ফোর্সেস আছে— জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে। এখানে কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সুযোগ থাকবে না। নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হাওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়। শূন্য এ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
